ইউনিয়ন পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর ৫০০ টাকা VAT: রাজস্ব বাড়ানো নাকি নতুন চাপ?

VAT September 12, 2026 Barrister Md Sohrawardy Saddam
ইউনিয়ন পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর ৫০০ টাকা VAT: রাজস্ব বাড়ানো নাকি নতুন চাপ?

বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানো নিঃসন্দেহে প্রয়োজন। সেই লক্ষ্যেই ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদেরও VAT ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে NBR। প্রস্তাবিত ব্যবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর ন্যূনতম ৫০০ টাকা “টোকেন VAT” আরোপের কথা আলোচনায় এসেছে।

কিন্তু প্রশ্ন হলো, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা নেওয়াই কি কর ব্যবস্থার আধুনিকায়নের সঠিক পথ?

আমার মতে, উদ্দেশ্য যুক্তিসঙ্গত হলেও পদ্ধতিটি আরও চিন্তাশীল হওয়া প্রয়োজন।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮৩ অনুযায়ী, সংসদের আইনি কর্তৃত্ব ছাড়া কোনো কর আরোপ বা আদায় করা যায় না। তাই নতুন কোনো levy সত্যিকার অর্থে tax হলে তার পরিষ্কার আইনগত ভিত্তি থাকা জরুরি।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো VAT মূলত ভোগ ও value addition-এর ওপর আরোপিত কর। একজন ইউনিয়নের ক্ষুদ্র দোকানদারের কাছ থেকে তার turnover বা সক্ষমতা বিবেচনা না করে একই নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হলে সেটি প্রচলিত VAT-এর দর্শনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সে প্রশ্ন উঠতেই পারে।

উন্নত দেশগুলো কী করছে?

যুক্তরাজ্যে বর্তমানে VAT registration threshold £90,000 taxable turnover। অস্ট্রেলিয়ায় GST threshold A$75,000, আর সিঙ্গাপুরে GST registration threshold S$1 million। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসাকে শুরু থেকেই পূর্ণ VAT compliance-এর মধ্যে না এনে ব্যবসার আকার ও turnover অনুযায়ী tax obligation বাড়ানো হয়।

ইউরোপীয় ইউনিয়নও ছোট ব্যবসার VAT compliance burden কমানোর জন্য বিশেষ SME VAT scheme চালু করেছে।

এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষাটি হলো:

করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি compliance-এর বোঝাও কমাতে হবে।

একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়তো সরকারের জন্য বড় রাজস্ব নয়। কিন্তু সেই ৫০০ টাকার সঙ্গে যদি BIN, রিটার্ন, কাগজপত্র, অফিসে যাতায়াত ও জরিমানার ভয় যুক্ত হয়, তাহলে ক্ষুদ্র উদ্যোক্তার ওপর প্রকৃত বোঝা অনেক বেড়ে যাবে।

তাহলে কী করা যেতে পারে?

আমার মতে, ইউনিয়ন পর্যায়ের ক্ষুদ্র ব্যবসার জন্য একটি tiered বা ধাপভিত্তিক ব্যবস্থা করা যেতে পারে।

অতি ক্ষুদ্র ব্যবসা → করমুক্ত বা শুধু সহজ নিবন্ধন

ছোট ব্যবসা → নামমাত্র/সরল turnover-based tax

মাঝারি ব্যবসা → simplified tax system

বড় ব্যবসা → পূর্ণ VAT ব্যবস্থা

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরো প্রক্রিয়াটি হওয়া উচিত ডিজিটাল, সহজ ও হয়রানিমুক্ত।

আরো গুরুত্বপূর্ণ: “৫০০ টাকা” নয়, “৫০০ টাকার বিনিময়ে জনগন কী পাচ্ছে?”

সরকার যদি ইউনিয়নের একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে মাসে ৫০০ টাকা নেয় তাহলে taxpayer-এর স্বাভাবিক প্রশ্ন হতে পারে:

“আমি ৫০০ টাকা দিলাম, বিনিময়ে রাষ্ট্র আমাকে কী দিল?”

যদি উত্তর হয়:

* digital business certificate

* সহজ online registration

* bank account access

* government procurement-এর সুযোগ

* SME loan-এর eligibility

* business training

* simplified tax certificate

* সামাজিক নিরাপত্তা/ব্যবসায়িক protection

* দ্রুত government service

তাহলে ৫০০ টাকা দেওয়ার সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বেশি হতে পারে।

কিন্তু যদি ৫০০ টাকা নেওয়ার পরেও ব্যবসায়ীকে

লাইনে দাঁড়াতে হয়, অফিসে যেতে হয়, ফর্ম পূরণ করতে হয়, ঘুষের ভয় থাকে, penalty-এর ভয় থাকে এবং বছরে বহুবার tax office-এর সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে এই ব্যবস্থা ক্ষুদ্র উদ্যোক্তার জন্য formalisation নয় বরং formalisation-এর নামে harassment-এর নতুন দরজা হয়ে উঠতে পারে।

রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত:

“More taxpayers, not more harassment.”

অর্থাৎ শুধু ৫০০ টাকা সংগ্রহ নয় বরং একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ধীরে ধীরে formal economy-এর অংশীদার ও স্বেচ্ছায় কর প্রদানকারী নাগরিকে পরিণত করা।

কর আদায় রাষ্ট্রের প্রয়োজন কিন্তু কর ব্যবস্থা হতে হবে ন্যায়সংগত, সক্ষমতাভিত্তিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব।

আমার মতে, ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর ৫০০ টাকা বসানোর আগে NBR-এর উচিত প্রশ্ন করা আমরা কি শুধু নতুন করদাতা চাই, নাকি নতুন কর সংস্কৃতিও তৈরি করতে চাই?

Barrister Md Sohrawardy Saddam 

Barrister-at-Law (LincoIn's Inn)

LLB Hons (BIU), LLM (SEU), 

2nd LLM on International Commercial Law

London South Bank University (LSBU), UK.

Founder: Saddam Lawfinity Chambers

Email: saddamlawfinity@gmail.com

Web: www.saddamlawfinity.com

Article link copied to clipboard!