ভালোবাসা, স্বার্থ আর কিছু নীরব উপলব্ধির গল্প

Love and Selfishness July 06, 2026 Barrister Md Sohrawardy Saddam
ভালোবাসা, স্বার্থ আর কিছু নীরব উপলব্ধির গল্প

জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কোনো লাভ নেই, কোনো ক্ষতি নেই, নেই কোনো অর্জনের হিসাব। অথচ সেই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। কারণ সেসব মুহূর্তই নিঃশব্দে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে সত্যিই আপন, আর কে শুধু আপন সেজে আছে।

আমরা অনেক সময় কিছু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। তাদের হাসিতে নিজের সুখ খুঁজে পাই, তাদের কষ্টে নিজের হৃদয় ব্যথিত হয়। নিজের চাওয়া-পাওয়ার চেয়েও তাদের স্বপ্ন, তাদের প্রয়োজন, তাদের ভালো থাকাকে বেশি গুরুত্ব দেই। কারণ আমি বিশ্বাস করি, সম্পর্কের ভিত্তি ভালোবাসা, আস্থা ও আন্তরিকতা।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, যাদের জন্য এত কিছু করলাম, তারা কি সত্যিই আমাকে একইভাবে মূল্য দিচ্ছ? আমি যেমন তাদের আপন ভাবছি, তারা কি আমাকেও তেমনই আপন ভাবছে? নাকি প্রয়োজন ফুরিয়ে গেলে আমিও তাদের জীবনে একটি সাধারণ পরিচয়ে পরিণত হবো?

বাস্তবতা হলো, মানুষ আপন সাজে কিন্তু সবাই সত্যিকারের আপন হয় না। কিছু কিছু মানুষের স্বার্থপরতা সত্যিই অবাক করে। তারা একবারও পিছনে ফিরে দেখে না, কেউ তাদের জন্য কতটা ত্যাগ করেছে, কতটা নীরবে পাশে থেকেছে, কতটা নিজের ইচ্ছা-স্বপ্ন বিসর্জন দিয়ে তাদের হাসি ধরে রাখার চেষ্টা করেছে।

যে মানুষটি নিঃশব্দে সবকিছু দিয়ে যায় তার মূল্য অনেকেই সময় থাকতে বোঝে না। কারণ নিঃস্বার্থ ভালোবাসার কোনো প্রচার থাকে না, কোনো হিসাব থাকে না। আর যখন সেই মূল্য বুঝতে শেখে, তখন অনেক সময় সেই মানুষটি আর আগের জায়গায় থাকে না। কিছু দূরত্ব আর কিছু আফসোসের সত্যিই কোনো দ্বিতীয় সুযোগ হয় না।

জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো, মানুষকে কথায় নয়, সময়ের পরীক্ষায় চিনতে শেখা। কারণ অভিনয় দিয়ে কিছুদিন ভালোবাসার মুখোশ পরে থাকা যায় কিন্তু সময়ের কাছে সেই মুখোশ একদিন না একদিন খুলে যায়। সময় কখনো ভুল মানুষকে ধরে রাখে না, আবার সত্যিকারের মানুষকেও চিরদিন আড়াল করে রাখে না।

তাই কাউকে হারানোর ভয় নয়, ভুল মানুষকে আঁকড়ে ধরে রাখার ভয়ই বেশি হওয়া উচিত। কারণ ভুল মানুষকে ধরে রাখতে গিয়ে আমরা অনেক সময় সেই মানুষগুলোকেই হারিয়ে ফেলি, যারা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসে।

আজ হয়তো নিজেকেই একটি প্রশ্ন করার সময় এসেছে। আমি যাদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি তারা কি আমার অনুপস্থিতিতে তার কিনচিৎ দেয়ার মনমানসিকতা রাখে? আমি বিপদে পড়লে তারা কি আমার পাশে দাঁড়াবে? নাকি সম্পর্কটি কেবল আমার একতরফা ভালোবাসা আর দায়িত্ববোধের ওপরই দাঁড়িয়ে আছে?

জীবনের সবচেয়ে বড় অর্জন অনেক সম্পদ নয় বরং এমন কয়েকজন মানুষ, যাদের ভালোবাসায় কোনো অভিনয় নেই। যাদের সম্পর্কের ভিত্তি স্বার্থ নয়, বিশ্বাস। প্রয়োজন নয়, আন্তরিকতা। সুবিধা নয়, দায়িত্ববোধ।

মনে রাখতে হবে, সময়ের কাছে কেউ অভিনয় করে জিততে পারে না। সময় ধীরে ধীরে সব মুখোশ খুলে দেয়, সব সম্পর্কের প্রকৃত রূপ দেখিয়ে দেয়। আর তখনই বুঝতে পারি, কে শুধু প্রয়োজনের মানুষ ছিল, আর কে সত্যিই হৃদয়ের মানুষ।

সবচেয়ে বড় সত্য হলো, ভালোবাসা কখনো প্রমাণ দিয়ে টিকে থাকে না, টিকে থাকে উপস্থিতিতে, দায়িত্বে, শ্রদ্ধায় এবং বিপদের সময় নিঃস্বার্থভাবে পাশে থাকার মধ্যে।

তবুও আমার মনে কোনো ক্ষোভ নেই, কোনো অভিশাপ নেই। কারণ সত্যিকারের ভালোবাসা প্রতিদান পাওয়ার জন্য নয় বরং ভালো থাকার প্রার্থনা করার জন্য।

আমি আজও চাই, যাদেরকে আমি আপন ভেবেছি, তারা সবসময় ভালো থাকুক। জীবনের প্রতিটি পথে তারা সুখী হোক, নিরাপদ থাকুক, ভালো থাকুক, সফল হোক। হয়তো আমার জন্য তাদের অনুভূতি আমার মতো না, তবুও তাদের জন্য আমার শুভকামনা কখনো কমবে না। 

Barrister Md Sohrawardy Saddam 

Barrister-at-Law (LincoIn's Inn)

LLB Hons (BIU), LLM (SEU)

2nd LLM on International Commercial Law

London South Bank University, UK.

Founder: Saddam Lawfinity Chambers

Email: saddamlawfinity@gmail.com

Web: www.saddamlawfinity.com

Article link copied to clipboard!