বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক ঐতিহ্যের অন্যতম সৌন্দর্য হলো ধর্মীয় সম্প্রীতি। এই ভূখণ্ডে যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করে আসছে। ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বন্ধন আমাদের এমন এক ঐক্যের শিক্ষা দিয়েছেবযা ধর্মীয় ভিন্নতাকে কখনো বিভেদের কারণ হতে দেয়নি।
আমাদের মুক্তিযুদ্ধ ছিল সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত সংগ্রাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ছিল এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে নাগরিকের মর্যাদা তার ধর্মীয় পরিচয়ে নয় বরং তার মানবিক ও সাংবিধানিক অধিকারের ভিত্তিতে নির্ধারিত হবে। সেই চেতনা আজও আমাদের জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি।
বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও সংবিধান অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় কাঠামো বৈচিত্র্যের মধ্যে সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে উৎসাহিত করে।
কিন্তু দুঃখজনকভাবে মাঝে মাঝে কিছু ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা অন্য কোনো স্বার্থে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করে। তারা ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্প্রদায়িকতা কখনো কোনো জাতির উন্নয়ন বা কল্যাণ বয়ে আনেনি। বরং এটি সামাজিক অস্থিরতা, অবিশ্বাস ও সংঘাতের জন্ম দিয়েছে।
আমাদের মনে রাখতে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের দায় কখনো পুরো একটি ধর্ম বা সম্প্রদায়ের ওপর চাপানো যায় না। একজন অপরাধীর পরিচয় তার অপরাধ, তার ধর্ম নয়। একইভাবে একজন ভালো মানুষের পরিচয়ও তার মানবিকতা, তার ধর্মীয় পরিচয় নয়।
আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দায়িত্বশীল নাগরিকত্ব। মতের ভিন্নতা থাকতে পারে, বিশ্বাসের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ, মানবিক মূল্যবোধ এবং সাংবিধানিক আদর্শের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশের প্রকৃত শক্তি কোনো একক সম্প্রদায়ের মধ্যে নয় বরং সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানের মধ্যেই নিহিত। এই সম্প্রীতি রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয় বরং প্রতিটি সচেতন নাগরিকেরও নৈতিক দায়িত্ব।
কারণ আমরা প্রথমে বাংলাদেশি তারপর অন্য যেকোনো পরিচয়।
ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু মাতৃভূমি এক। বিশ্বাস ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় স্বার্থ এক। আর সেই ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।
Barrister Md Sohrawardy Saddam
Barrister-at-Law (LincoIn's Inn)
LLB Hons (BIU), LLM (SEU)
2nd LLM on International Commercial Law
London South Bank University, UK.
Founder: Saddam Lawfinity Chambers
Email: saddamlawfinity@gmail.com
Web: www.saddamlawfinity.com