ন্যায়বিচার একটি মৌলিক অধিকার কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হয়। এই বৈষম্য দূর করতে বাংলাদেশে প্রণয়ন করা হয়েছে Legal Aid Services Act-2000. যার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে আইনগত সহায়তা নিশ্চিত করা হয়। এ কার্যক্রম বাস্তবায়ন করে National Legal Aid Services Organization (NLASO) যা বিনামূল্যে আইনজীবী, আইনি পরামর্শ এবং কিছু ক্ষেত্রে মামলার ব্যয়ে সহায়তা প্রদান করে। Legal Aid Services Policy 2014 অনুযায়ী নির্দিষ্ট আয়ের নিচে থাকা ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন নারী, শিশু, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, পাচারের শিকার ও দুর্যোগে ক্ষতিগ্রস্তরা এই সেবার আওতায় অগ্রাধিকার পায়। এই ব্যবস্থা দাতব্য নয় এটি অধিকারভিত্তিক যা সংবিধানের সমতার নীতিকে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে বাস্তব ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গেছে। অনেক মানুষ এখনো এই সেবা সম্পর্কে জানে না, আবেদন প্রক্রিয়া তুলনামূলক জটিল এবং পর্যাপ্ত জনবল ও বাজেটের অভাব রয়েছে। ফলে অনেক যোগ্য ব্যক্তিও সময়মতো বা পূর্ণ সহায়তা পায় না। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রথমত, সারাদেশে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে মানুষ জানে তারা এই সেবা পাওয়ার অধিকার রাখে।
দ্বিতীয়ত, আবেদন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করা দরকার যাতে সাধারণ মানুষ সহজেই আবেদন করতে পারে।
তৃতীয়ত, এই খাতে বাজেট ও দক্ষ আইনজীবীর সংখ্যা বাড়াতে হবে যাতে সেবার মান ও পরিসর বৃদ্ধি পায়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সেবার বিস্তার এবং নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।
সবশেষে বলা যায়, জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদের মনে করিয়ে দেয় ন্যায়বিচার কোনো বিশেষ সুবিধা নয় এটি সবার অধিকার। এই অধিকার বাস্তবে নিশ্চিত করতে হলে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে আইনগত সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজলভ্য করে তুলতে
হবে।
Barrister Md Sohrawardy Saddam
Barrister-at-Law (LincoIn's Inn)
LLB Hons (BIU), LLM (SEU),
2nd LLM on International Commercial Law
London South Bank University, UK.
Founder Saddam Lawfinity Chambers
Email: saddamlawfinity@gmail.com
Web: www.saddamlawfinity.com