একটি রাষ্ট্রের মূল শক্তি তার আইন। কিন্তু সেই আইনের প্রতি মানুষের আস্থা তখনই তৈরি হয় যখন তারা দেখে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাস্তবতায় অনেক সময় দেখা যায় নিয়ম মেনে চলা মানুষই বেশি জবাবদিহির মুখোমুখি হয় আর অনিয়মকারীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
সম্প্রতি আমার নিজের একটি অভিজ্ঞতাই যেন এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। গ্রামের বাড়িতে একটি বিদ্যুতের খুঁটি সরানোর জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম। অফিসিয়াল প্রক্রিয়া, কাগজপত্র, অনুমোদন সব মিলিয়ে প্রায় ৬ মাস সময় লেগেছে। এটার জন্য টাকা জমা ওটার জন্য টাকা জমা আর কতবার অফিসে যেতে হয়েছে কত ভোগান্তি পোহাতে হয়েছে সেই হিসাব না হয় বাদই দিলাম। অথচ পাশের বাড়ির একজন স্থানীয় লাইনম্যানের মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যেই একই কাজ সম্পন্ন করে ফেলেছে খুবই সুলভ মূল্যে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে নিয়ম মেনে চলাটাই কি ভুল ছিল?
শুধু এই একটি ক্ষেত্রে নয়, আমরা যদি নিয়ম মেনে ব্যবসা করি, ট্যাক্স দেই, লাইসেন্স নবায়ন করি কিংবা আইনি প্রক্রিয়া অনুসরণ করি তাহলে সামান্য ভুলেও নোটিশ, জরিমানা বা প্রশাসনিক চাপের মুখে পড়তে হয় আমাদের অথচ অনেক অনিয়মকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বছরের পর বছর কোনো কার্যকর ব্যবস্থা ছাড়াই চলতে থাকে। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে আইন কি শুধু আইন মানা মানুষদের জন্যই?
এই পরিস্থিতি ধীরে ধীরে সমাজে একটি বিপজ্জনক মানসিকতা তৈরি করছে “নিয়ম মেনে লাভ কী?” অথচ একটি রাষ্ট্রের জন্য এর চেয়ে ক্ষতিকর চিন্তা আর কিছু হতে পারে না। কারণ মানুষ যখন আইনের উপর আস্থা হারায় তখন দুর্নীতি, বৈষম্য ও বিশৃঙ্খলা আরও বাড়তে থাকে।
আইনের শাসনের মূল ভিত্তি হলো fairness এবং equality before law। আইন শুধু দুর্বল বা সচেতন নাগরিকদের জন্য নয় আইন প্রভাবশালী, ক্ষমতাবান এবং সাধারণ মানুষ সবার জন্য সমানভাবে কার্যকর হতে হবে। অন্যথায় আইন মানুষের কাছে ন্যায়বিচারের প্রতীক না হয়ে ভয়, বৈষম্য এবং হয়রানির প্রতীকে পরিণত হবে।
উন্নত বিশ্বের দেশগুলোতে চিত্র ভিন্ন।
🇬🇧 যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী "Boris Johnson” former UK Prime Minister পর্যন্ত কোভিড আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হয়েছেন।
🇸🇬 সিঙ্গাপুরে সাধারণ নাগরিক থেকে উচ্চপদস্থ ব্যক্তি সবার জন্য একইভাবে ট্রাফিক ও নাগরিক আইন প্রয়োগ করা হয়।
🇯🇵 জাপানে মানুষ ফাঁকা রাস্তাতেও ট্রাফিক সিগন্যাল মেনে চলে কারণ সেখানে আইন মানা নাগরিক সংস্কৃতির অংশ।
উন্নত বিশ্বের এই উদাহরণগুলো প্রমাণ করে আইনের প্রকৃত শক্তি কঠোরতায় নয় বরং সবার জন্য সমান প্রয়োগে।
একটি সভ্য রাষ্ট্রে আইন মানা কখনও বোঝা হতে পারে না। বরং আইন মানা নাগরিক যেন নিরাপদ ও সম্মানিত বোধ করে সেই পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
Barrister Md Sohrawardy Saddam
Barrister-at-Law (Lincoln’s Inn)
LLB Hons (BIU), LLM (SEU),
2nd LLM On International Commercial Law
London South Bank University, UK
Founder: Saddam Lawfinity Chambers
Email: saddamlawfinity@gmail.com
Web: www.saddamlawfinity.com